বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল উত্তোলক দেশ সৌদি আরব। কিন্তু চলতি বছরের জুনে দেশটি বিপুল পরিমাণ তেল আমদানি করেছে। মূলত গ্রীষ্মের তীব্র গরমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়ায় আমদানি বাড়ানো হয়েছে। জুনে পণ্যটির আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ৩ লাখ ৭ হাজার ব্যারেলে।
বৈশ্বিক জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান জয়েন্ট অরগানাইজেশনস ডাটা ইনিশিয়েটিভ (জোডি) জানায়, ২০২০ সালের নভেম্বরের পর এবারই দেশটি সর্বোচ্চ পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে। ওই সময় আমদানি ৯৪ দশমিক ৫ শতাংশ বেড়ে দৈনিক ৩ লাখ ৫৪ হাজার ব্যারেলে উন্নীত হয়েছিল।
তথ্য বলছে, জ্বালানি তেল আমদানিতে ঊর্ধ্বমুখিতা দেখা দেয় মে মাসে। ওই সময় আমদানি ৭৮ দশমিক ৫ শতাংশ বেড়ে দৈনিক ২ লাখ ৪১ হাজার ব্যারেলে উন্নীত হয়। এর আগের মাসে আমদানির পরিমাণ ছিল দৈনিক ১ লাখ ৩৫ হাজার ব্যারেল। জুনে এক মাসের ব্যবধানে আমদানি বেড়েছে ২৭ দশমিক ৪ শতাংশ।
সাধারণত গ্রীষ্ম মৌসুমে সৌদি আরবে জ্বালানি তেলের দ্বিগুণ চাহিদা তৈরি হয়। কুলিং সিস্টেমের জন্য বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলের ব্যবহার চালু হওয়ার পর থেকেই চাহিদায় এমন ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। এ কারণেই স্থানীয় চাহিদা পূরণে দেশটিতে জ্বালানি তেল আমদানি করতে হয়।
সংবাদমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন অনুযায়ী, জুনে আমদানীকৃত জ্বালানি তেলের ৩৪ দশমিক ৫ শতাংশই এসেছে মিসর থেকে। এছাড়া ২৫ দশমিক ৫ শতাংশ সংযুক্ত আরব আমিরাত ও ২১ দশমিক ১ শতাংশ এসেছে এস্তোনিয়া থেকে। অন্যান্য দেশ থেকেও আমদানি করা হয়েছে। অন্যদিকে রাশিয়া থেকে স্বল্প মূল্যে জ্বালানি তেল কেনায় এবার সরবরাহ উৎসেকিছুটা পরিবর্তন এসেছে।










