ভারতীয় এয়ারলাইনস ইন্ডিগো দক্ষিণের শহর হায়দরাবাদ থেকে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা পর্যন্ত সরাসরি ফ্লাইট পরিষেবা শুরু করতে যাচ্ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

গ্রীষ্মকালীন সময়সূচিতে নতুন এ সংযোজন পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ভ্রমণ সুযোগের দুয়ার খুলে দিচ্ছে। অধিক ফ্লাইট বিকল্প থাকায় ভ্রমণকারীরা আরো সুবিধাজনক ফ্লাইট বাছাই করতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এয়ারলাইনস হায়দরাবাদ থেকে রাস আল খাইমার মধ্যে নতুন সরাসরি ফ্লাইট চালু করেছে বলে জানিয়েছেন ইন্ডিগোর হেড অব গ্লোবাল সেলস বিনয় মালহোত্রা।

দেশটি চলতি বছর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ খাতে প্রবৃদ্ধি অর্জন করছে। ভারতের শীর্ষস্থানীয় উড়োজাহাজ কোম্পানি হিসেবে নতুন রুট প্রবর্তন এবং বিদ্যমান রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর মাধ্যমে আকাশপথে যাত্রার ক্রমবর্ধমান চাহিদা পূরণ করছে বলে জানান বিনয়।

নতুন ফ্লাইটগুলো যাত্রার ফলে ভারতের দুটি শহর থেকে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিগো এখন সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে৷। রাস আল খাইমা হলো সংযুক্ত আরব আমিরাতের চতুর্থ শহর, যেখানে ইন্ডিগো ফ্লাইট পরিষেবা পরিচালনা করে। এছাড়া এটি মধ্যপ্রাচ্যের ১১তম এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের ২৬তম গন্তব্য।

রাস আল খাইমা ভারতীয় ভ্রমণকারীদের জন্য জনপ্রিয় গন্তব্য। বিয়ের অনুষ্ঠান বা উপলক্ষের পাশাপাশি সভা, প্রণোদনা, সম্মেলন ও প্রদর্শনীর জন্যও এটি বহুল কাঙ্ক্ষিত স্থান। স্থানটির কিছু পর্যটন গন্তব্যের মধ্যে রয়েছে জেবেল জাইসের সূর্যাস্ত, জিপলাইন ডাউন জেবেল জাইসের ঢাল, ধায়াহ ফোর্ট, জাতীয় জাদুঘর ও খ্যাট ফোয়ারা।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ও মধ্যপ্রাচ্য থেকে আসা পর্যটকদের জন্য একটি দুর্দান্ত গন্তব্য হায়দরাবাদ। কারণ হায়দরাবাদে চারমিনার, গোলকুন্ডা ফোর্ট, সালার জং জাদুঘর এবং আরো অনেক কিছুর মতো জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে। এছাড়া চিকিৎসা সেবার জন্যও বেশ সুপরিচিত ভারতের এ শহর।