মার্কিন বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজকে প্রায় ৩৫ কোটি ডলার জরিমানা করেছে দেশটির দুই নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি ও ক্লায়েন্টদের ট্রেডিং কার্যক্রম বাজার অনুযায়ী যথাযথ হচ্ছে কিনা তা নিরীক্ষণ করার জন্য তাদের ব্যবস্থাপনা ছিল অপ্রতুল। খবর রয়টার্স।

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি অফিস অব দ্য কম্পট্রোলার অব কারেন্সি (ওসিসি) মিলিতভাবে জেপি মরগানকে এ জরিমানা করে। এর সম্মিলিত পরিমাণ ৩৪ কোটি ৮২ লাখ ডলার। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের জরিমানার পরিমাণ ৯ কোটি ৮২ লাখ ডলার। 

প্রতিবেদনে বলা হয়, ২০১৪-২৩ সালের মধ্যে এ ঘটনাগুলো ঘটেছে। এক পৃথক ঘোষণায় ওসিসি জানায়, অন্তত ৩০টি বৈশ্বিক ভেন্যুতে কয়েক বিলিয়ন লেনদেন সঠিকভাবে পর্যবেক্ষণ করতে ব্যর্থ হয়েছে জেপি মরগান চেজ।

আর্থিক প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, ফার্মটি নিজেরাই সমস্যা শনাক্ত করতে পেরেছে। বিষয়টি সমাধানের জন্য কাজ চলছে এবং এতে বিদ্যমান ক্লায়েন্ট পরিষেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না বলে আশা করা হচ্ছে। এছাড়া কর্মচারী বা ক্লায়েন্টদের নিয়ম ভঙ্গ বা বিস্তৃত পরিসরে বাজারে কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। 

জরিমানার বিষয়টি আগেই অনুমান করেছিল জেপি মরগান। গত ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি জানায়, নজরদারি প্লাটফর্মে অসম্পূর্ণ ট্রেডিং ডাটা রিপোর্ট দেয়ার জন্য প্রায় ৩৫ কোটি ডলার জরিমানা হতে পারে। একই সঙ্গে নাম উল্লেখ না করে জানায়, তৃতীয় একটি নিয়ন্ত্রকের সঙ্গে তারা নিষ্পত্তির জন্য আলোচনা করছে। সাম্প্রতিক নিষ্পত্তিটি গত কয়েক বছরে ব্যাংকটির ডাটা ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের জন্য দ্বিতীয় বড় জরিমানা। ২০২১ সালে রেকর্ড-কিপিং সমস্যার কারণে অন্য দুটি নিয়ন্ত্রকের কাছে নিষ্পত্তি বাবদ ২০ কোটি ডলার দিতে সম্মত হয়েছিল জেপি মরগান।

ওসিসির নির্দেশনা অনুসারে, জেপি মরগানকে বাণিজ্য নজরদারি কর্মসূচির সংশোধন করতে হবে।