চীনের বাজারে বিনিয়োগ কমিয়েছেন যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। এর পেছনে দেশটির অস্থির অর্থনৈতিক অবস্থা এবং ভূরাজনৈতিক কারণকে দায়ী করছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্স।
চীনে অবস্থিত ব্রিটিশ চেম্বার অব কমার্সের তথ্যমতে, যুক্তরাজ্যের ৬০ শতাংশ কোম্পানি মনে করছে, এশিয়ার শক্তিশালী দেশটিতে বর্তমানে ব্যবসা পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। গত বছরের শেষ পর্যন্ত চলা কভিড-১৯ বিধিনিষেধের চেয়েও শ্লথগতিতে এগোচ্ছে দেশটির অর্থনীতি।
গতকাল প্রকাশিত চেম্বার অব কমার্সের বার্ষিক সেন্টিমেন্ট সমীক্ষায় দেখানো হয়েছে, মহামারী চলাকালীন তীব্র হতাশা কমলেও ব্রিটিশ ব্যবসায়ীরা চীনে নতুন বিনিয়োগ করতে দেরি করছেন। অর্থনৈতিক পুনরুদ্ধারে আড়ষ্টতা ও বিশ্বজুড়ে ভূরাজনৈতিক কর্মকাণ্ডে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির গুরুত্ব কমছে।
কভিড-পরবর্তী দুর্বল পুনরুদ্ধার প্রক্রিয়ার কারণে বিদেশী বিনিয়োগকারীরা এ বছরের বেশির ভাগ সময় চীনের ওপর আস্থাহীন ছিলেন।
চীনের ব্রিটিশ চেম্বারের সভাপতি জুলিয়ান ফিশার বলেন, ‘আগের বছরগুলোয় ৮০ শতাংশ কোম্পানি প্রচুর বিনিয়োগ করেছে। কিন্তু এখন মনে হচ্ছে আমরা বাস্তব ও স্বচ্ছ পর্যায়ে প্রবেশ করছি। ফলে সংস্থাগুলো অনেক বেশি বাস্তববাদী এবং এখানে অনেক কমই জল্পনা রয়েছে।’
চেম্বারের সদস্যদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা, বিপি, জাগুয়ার, ল্যান্ড রোভার ও শেলের মতো কিছু কোম্পানি রয়েছে।
অক্টোবর ও নভেম্বরে সদস্য সংস্থাগুলোর মতামতের ওপর ভিত্তি করে চেম্বার অব কমার্স প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ শতাংশ কোম্পানি মনে করে, চীনে ব্যবসা করা গত এক বছরে আরো কঠিন হয়ে উঠেছে। এছাড়া ৭৮ শতাংশ কোম্পানি এর জন্য অর্থনৈতিক কারণগুলোকে দায়ী করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ব্রিটিশ কোম্পানিগুলো চীনের বাজারে প্রবেশ ও বিনিয়োগে সময় নিচ্ছে এবং বিষয়টি তারা পর্যবেক্ষণে রেখেছে।
জরিপে অংশ নেয়া অর্ধেকের বেশি কোম্পানি জানায়, ভূরাজনীতির মতো বিষয়ও চীনে কাজ করা কঠিন করে তুলেছে। এছাড়া ৪৩ শতাংশ সংস্থা লাইসেন্স পাওয়ার মতো নিয়ন্ত্রক সমস্যাগুলোর সঙ্গে লড়াই করছে।
গত বছরের শেষ দিকে বেইজিং তার কঠোর কভিড-১৯ বিধিনিষেধ তুলে নেয়ার পর থেকে দেশটিতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমেছে। জুলাই-সেপ্টেম্বরে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগে রেকর্ড ঘাটতি দেখা গেছে।
চেম্বার অব কমার্স জানায়, ব্রিটিশ ব্যবসায়ীরা যখন চীনে ধীরগতির পুনরুদ্ধার প্রক্রিয়ার সম্মুখীন, তখন সংস্থাগুলো তাদের বৈশ্বিক ক্রিয়াকলাপের জন্য চীনের গুরুত্ব কমাচ্ছে।
জরিপ করা কোম্পানিগুলোর অর্ধেকের কম চীনকে ‘মাঝারি অগ্রাধিকার’ বা ‘নিম্ন অগ্রাধিকার’ হিসেবে তালিকাভুক্ত করেছে। যেখানে মাত্র ৪০ শতাংশ কোম্পানি এশিয়ান জায়ান্টকে ‘উচ্চ অগ্রাধিকার’ হিসেবে মত দিয়েছে। ২০২১-২২ অর্থবছরে চীনকে ‘উচ্চ অগ্রাধিকার’ হিসেবে বিবেচনা করেছিল ৫৯ শতাংশ কোম্পানি।
ব্রিটিশ ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের তথ্যমতে, গত বছর যুক্তরাজ্য ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ১০০ কোটি পাউন্ড (১৪ হাজার কোটি ডলার), যা চীনকে যুক্তরাজ্যের চতুর্থ বৃহত্তম বাণিজ্য অংশীদার করে তুলেছিল।










