বৈশ্বিক তামা উৎপাদনে শীর্ষ চিলি। শ্রমিক অসন্তোষের জেরে দেশটির তামা উৎপাদন খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে উৎপাদন কমেছে ১ দশমিক ২ শতাংশ। চিলির সরকারি পরিসংখ্যান সংস্থা আইএনই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির প্রতিবেদনের তথ্য বলছে, জানুয়ারি-আগস্ট পর্যন্ত চিলি সব মিলিয়ে ৩৭ লাখ ৭০ হাজার টন তামা উৎপাদন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কম। আগস্টে উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। এ সময় লাতিন আমেরিকার দেশটি ৪ লাখ ৬৬ হাজার ৯২৮ টন তামা উৎপাদন করে।
মূলত প্রধান প্রধান খনিতে শ্রমিক অসন্তোষ উৎপাদন ব্যাহত করেছে। এছাড়া খনিগুলোতে আকরিক গ্রেডের পরিমাণ কমে যাওয়াও উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
চিলির রাজধানী সান্তিয়াগোর নিকটবর্তী কোডেলকোর আন্ডিনা খনিতে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বিবাদ চলছে। এ খনিতে দীর্ঘ সময় ধরে শ্রমিকরা বিক্ষোভ-ধর্মঘট পালন করছে। জাপানের জেএক্স নিপ্পন কপারের মালিকানাধীন খনিতে আগস্টে অনেক শ্রমিক চাকরি ছেড়েছেন। আইএনই জানায়, তামা উৎপাদন কমলেও অন্যান্য অধাতব খনিজ পণ্য উত্তোলন ঘুরে দাঁড়াচ্ছে।










