গত জুন-জুলাইয়ে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় দক্ষিণ কোরিয়ায় এ বছর ৭৮ হাজার টন ধান উৎপাদন কম হবে। এতে দেশটির ধান উৎপাদন গত বছরের ৩৮ লাখ ৮০ হাজার টন থেকে ২ শতাংশ কমে চলতি বছর ৩৮ লাখ টনে দাঁড়াচ্ছে। রাষ্ট্রায়ত্ত পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিসটিকস কোরিয়ার বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
স্টাটিসটিকস কোরিয়া গতকাল এক প্রতিবেদনে জানায়, চলতি মৌসুমে দক্ষিণ কোরিয়ায় ধানের আবাদ গত বছরের ৭ হাজার ৩২০ বর্গকিলোমিটার থেকে দশমিক ৭ শতাংশ কমে ৭ হাজার ২৭০ বর্গ কিলোমিটারে নেমে এসেছে।
ধানের দামের পতন মোকাবেলাসহ অন্যান্য কৃষিপণ্যের জন্য সরকারের সহায়তার মধ্যেই এ বছর দেশটির ধানের উৎপাদন কমবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। দেশটিতে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় দক্ষিণ জিওল্লা প্রদেশে। এ বছর প্রদেশটিতে ৬ দশমিক ৩ শতাংশ ধান উৎপাদন কম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।










