বিশ্ববাজারে কয়লার দাম আকাশচুম্বী। ফলে সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছে দেশটির ইউটিলিটি কোম্পানিগুলো। গত মাসে এসব কোম্পানির কয়লা আমদানি কমে সাত বছরের সর্বনিম্নে পৌঁছেছে। ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দেয়া তথ্য এ চিত্র উঠে এসেছে।

ভারতের বিদ্যুৎ উৎপাদন খাত কয়লানির্ভর। সম্প্রতি দেশটিতে স্মরণকালের ভয়াবহ কয়লা সংকট দেখা দিয়েছে। ফলে প্রকট আকার ধারণ করেছে বিদ্যুৎ ঘাটতি। সংকট থেকে পরিত্রাণের জন্য দেশটির কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্টদের কয়লা আমদানি বাড়ানোর আহ্বান জানায়। এর পরও সেপ্টেম্বরে জ্বালানি পণ্যটির আমদানি ৭৩ শতাংশেরও বেশি কমে যায়।

তথ্য বলছে, ভারতের ইউটিলিটি কোম্পানিগুলো সেপ্টেম্বরে ১০ লাখ ৮০ হাজার টন কয়লা আমদানি করে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৪০ লাখ ৩০ হাজার টন। এছাড়া ২০১৯ সালের সেপ্টেম্বরে কোম্পানিগুলো ৫২ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানি করেছিল।

করোনাভাইরাসজনিত বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকেই বাড়তে শুরু করে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। এর মধ্যেই বেশ কয়েকটি কেন্দ্রে জ্বালানি মজুদ শূন্যের কাছাকাছি নেমে আসে। এ কারণে আগস্টের শেষদিকে ইউটিলিটি কোম্পানিগুলোকে কয়লা আমদানি বাড়াতে বলে ভারত।

সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির তথ্য বলছে, স্থানীয় সরকার পরিচালিত কোস্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো পুরোপুরিভাবে আমদানীকৃত কয়লার ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায় এসব বিদ্যুৎকেন্দ্র সরবরাহ কমিয়ে আনে। ফলে উত্তোলন বাড়ানোর চাপে পড়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া।

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, বর্তমানে ভারতের প্রায় তিন-পঞ্চমাংশ কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুদ রয়েছে। এসব কয়লা দিয়ে তিন দিন বা তারও কম সময় চলবে। সরবরাহ না থাকলে এরপর মজুদ শূন্যে পৌঁছবে।

এদিকে শুধু কয়লাই নয়, বরং কমেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিও। বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জ্বালানি পণ্যটির আমদানি ৩৬ শতাংশ কমে যায়। এটি গত তিন বছরের তুলনায় সর্বনিম্ন আমদানি। এছাড়া মাসভিত্তিক হিসাবে এটি সাড়ে তিন বছরের সর্বনিম্ন আমদানি। তৃতীয় প্রান্তিকে বিদ্যুৎকেন্দ্রগুলোর কয়লা আমদানি কমেছে ৫৫ শতাংশ। এটি সাড়ে ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় ধস।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, ভারতে জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত ইউটিলিটি কোম্পানিগুলোতে গ্যাস ব্যবহার এক-পঞ্চমাংশ কমেছে। পণ্যটির দাম বাড়তে থাকায় স্পট মার্কেটের পরিবর্তে দীর্ঘমেয়াদি চুক্তিতে গ্যাস কেনায় আগ্রহী হয়ে উঠছে।

ভারত প্রধানত কাতার থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশটিতে সর্বাধিক কয়লা সরবরাহ করে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।