আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপলের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভার্চুয়াল ক্রেডিট কার্ড বের করেছিল আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস্। ২০১৯ সালে শুরু হওয়া অংশীদারত্বের সে যাত্রায় ইতি টানার কথা ভাবছে গোল্ডম্যান স্যাকস্। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। খবর রয়টার্স।
আর্থিক প্রতিষ্ঠানটি বর্তমানে আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নতুন অংশীদার হিসেবে। যদিও অ্যাপলের কার্ডের চাইতে আমেরিকান এক্সপ্রেসের কার্ড তুলনামূলকভাবে কম জনপ্রিয়। এর আগে গোল্ডম্যান স্যাকসের প্রধান নির্বাহী ডেভিড সোলোমন অ্যাপলের কৌশলগত বিকল্পের কথা ব্যক্ত করেছিলেন। তবে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও অ্যাপল, গোল্ডম্যান স্যাকস কিংবা আমেরিকান এক্সপ্রেসের কেউ কোনো প্রতিক্রিয়া জানায়নি। অ্যাপল খুব শিগগির ভারতীয় বাজারে অ্যাপল কার্ড আনার ইঙ্গিত দিয়েছে। যদিও বিস্তারিত প্রকাশ করেনি।










