বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। এ সময় শিল্প ধাতুটির উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে। শিল্প উৎপাদন খাত পুনরুজ্জীবিত হতে শুরু করায় এমন প্রবৃদ্ধি দেখবে জাপান। দেশটির অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমইটিআই) এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, এ নিয়ে টানা তিন প্রান্তিকে ঊর্ধ্বমুখী ছিল অপরিশোধিত ইস্পাত উৎপাদন। মন্ত্রণালয়ের পূর্বাভাস বলছে, চতুর্থ প্রান্তিকে ২ কোটি ৪১ লাখ ১০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গত বছরের একই সময় উৎপাদনের পরিমাণ ছিল ২ কোটি ১৯ লাখ ৯০ হাজার টন। দেশটিতে গাড়ি নির্মাণ ও শিল্প খাতের যন্ত্রাংশ তৈরি ইস্পাতের চাহিদা বৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে। এর আগে বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল মন্ত্রণালয়। পূর্বাভাস অনুযায়ী, এ সময় উৎপাদন দশমিক ৮ শতাশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।










