ইউরোপিয়ান কমিশন অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ রফতানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ট্রেড চিফ মারোস শেফচোভিচ জানিয়েছেন, আঞ্চলিক জোটভুক্ত দেশগুলো থেকে বিপুল পরিমাণ স্ক্র্যাপ অন্যান্য দেশে সরবরাহ করা হচ্ছে। ফলে এ খাত থেকে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে যে উদ্যোগ নেয়া হয়েছিল তা পূরণ করা কঠিন হয়ে পড়ছে। খবর রয়টার্স।

শিল্প সংস্থা ইউরোপিয়ান অ্যালুমিনিয়ামের দেয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালে ইইউভুক্ত দেশগুলো থেকে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ রফতানি রেকর্ড ১২ লাখ ৬০ হাজার টনে পৌঁছায়। এটি পাঁচ বছর আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। রফতানির বড় অংশই এশিয়ার দেশগুলোয় সরবরাহ করা হয়েছে।

সংস্থাটি আরো জানায়, যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে (অ্যালুমিনিয়াম আমদানিতে ৫০ শতাংশ শুল্ক থাকলেও স্ক্র্যাপে তা মাত্র ১৫ শতাংশ) রফতানি আরো বাড়ছে। ফলে যুক্তরাষ্ট্রে স্ক্র্যাপ আমদানি বাড়ার পাশাপাশি এশিয়ার ক্রেতা দেশগুলোও ইইউনির্ভরতা বাড়িয়েছে।

ইউরোপিয়ান কমিশন গত জুলাইতে স্ক্র্যাপ রফতানির ওপর নজরদারি শুরু করে। এমনকি প্রয়োজনে ব্যবস্থা নেয়ার কথা জানায়। ব্রাসেলসে ইউরোপিয়ান অ্যালুমিনিয়াম আয়োজিত এক সম্মেলনে মারোস শেফচোভিচ বলেন, ‘অ্যালুমিনিয়াম স্ক্র্যাপের অনিয়ন্ত্রিত রফতানি ঠেকাতে আমরা নতুন পদক্ষেপের প্রাথমিক কাজ শুরু করছি।’

এ নীতিমালা ২০২৬ সালের বসন্তে চূড়ান্ত হতে পারে। ইইউর ট্রেড চিফের দেয়া তথ্যানুযায়ী, প্রস্তাবিত ব্যবস্থা হবে ‘ভারসাম্যপূর্ণ’। এতে উৎপাদনকারী, প্রক্রিয়াকরণকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সংযোগ শিল্প—সব পক্ষের স্বার্থ বিবেচনায় রাখা হবে।