দক্ষিণ কোরিয়ায় স্টারবাকসের সদর দপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ। প্রতিষ্ঠানটির বিতর্কিত একটি প্রচারণা ঘিরে মানহানির অভিযোগ ওঠার পর এ অভিযান চালানো হলো। দেশটির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে প্রচারণাটির নাম ও উপস্থাপনার মিল থাকায় মূলত ওই বিতর্কের সূত্রপাত হয়। খবর বিবিসি।

গত মে মাসে ‘ট্যাংক ডে’ নামে একটি কফি টাম্বলারের (পুনর্ব্যবহারযোগ্য কফির কাপ) প্রচারণা চালু করে স্টারবাকস কোরিয়া। কিন্তু সময়টি ছিল ১৯৮০ সালের গোয়াংজু গণঅভ্যুত্থানের বার্ষিকী। ওই ঘটনায় দেশটির সামরিক বাহিনীর হাতে শত শত সাধারণ মানুষ নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঘটনাটি বর্তমানে দক্ষিণ কোরিয়ার মানুষের কাছে জাতীয় শোক ও বেদনার একটি অধ্যায় হিসেবে স্মরণীয়।

‘ট্যাংক’ শব্দটি ওই সময় গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের দমন করতে ব্যবহৃত সামরিক যানবাহনের প্রতি ইঙ্গিত করে বলে অনেকে মনে করেন। তাই স্টারবাকসের প্রচারণা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে কফি শপটি এ প্রচারণা বন্ধও করে দেয়। কোম্পানিটি জানায়, এ ধরনের সংযোগ তৈরি করা কোম্পানির উদ্দেশ্য ছিল না।

তবে বিষয়টি সেখানেই থেমে যায়নি। এর জেরে স্টারবাকসের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ তোলে কয়েকটি নাগরিক সংগঠন। ‘সামরিক শাসনের’ সময়ের ভুক্তভোগীদের মানহানি হয়েছে কি না, তা তদন্তের জন্য পুলিশের প্রতি আহ্বান জানায় তারা। এরপরই স্টারবাকস কোরিয়ার সদর দপ্তরে পুলিশের অভিযান চালানোর ঘটনা সামনে আসে।

দক্ষিণ কোরিয়ায় স্টারবাকস পরিচালনা করে শিনসেগে গ্রুপ। প্রতিষ্ঠানটি এরই মধ্যে প্রচারণাটি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করেছে। তদন্তে বলা হয়েছে, ভুলটি অনিচ্ছাকৃত ছিল। প্রচারণা পরিকল্পনাকারী দল ‘ট্যাংক ডে’-এর সঙ্গে ঐতিহাসিক ঘটনার কোনো সম্পর্ক দেখতে পারেনি। ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন।

'ট্যাংক ডে' ছাড়াও ওই প্রচারণার আরেকটি বিষয় নিয়ে সমালোচনা তৈরি হয়। টাম্বলারের প্রচারণামূলক উপকরণে ‘টাক অন দ্য টেবিল!’ বাক্যটি ব্যবহার করা হয়েছিল। কোনো বস্তু টেবিলের ওপর রাখার সময় সৃষ্ট শব্দ অনুকরণ করতেই এ বাক্য ব্যবহার করা হয়। তবে ‘টাক’ শব্দটির সঙ্গে দক্ষিণ কোরিয়ার আরেকটি বিতর্কিত ঐতিহাসিক ঘটনার যোগসূত্র রয়েছে।

১৯৮৭ সালে পুলিশ হেফাজতে এক ছাত্র আন্দোলনকর্মীর মৃত্যুর ঘটনা বর্ণনা করতে পুলিশ যে বিতর্কিত বক্তব্য দিয়েছিল, সেখানেও ‘টাক’ শব্দটি ব্যবহার করা হয়েছিল বলে নথিতে উল্লেখ করা আছে। ফলে প্রচারণাটি নিয়ে সমালোচনা আরো বাড়ে।

নতুন প্রচারণা ঘিরে এ বিতর্কের প্রভাব পড়েছে স্টারবাকসের ব্যবসায়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শিনসেগে গ্রুপের পক্ষ থেকে বলা হয়, ‘অনুপযুক্ত মার্কেটিং’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণে দক্ষিণ কোরিয়ায় স্টারবাকসের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। দক্ষিণ কোরিয়া স্টারবাকসের অন্যতম বড় বাজার।