সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল দ্বারা গঠিত দেড় হাজার কোটি টাকার ঘূর্ণায়মান ফান্ড ‘এফএসএফডিএমএসএমই’ মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে স্বল্প সুদে সহায়তা করা হবে। অন্যদিকে ৩ হাজার কোটি টাকার ‘ক্লাস্টার ফাইন্যান্সিং’ স্কিমটির ভৌগোলিকভাবে একত্রে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহায়তা করবে। এর ফলে উদ্যোক্তারা যৌথ সম্পদ ব্যবহার, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার; নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও পরিচালক নওশাদ মুস্তাফা। অন্যদিকে প্রাইম ব্যাংকের পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী ও স্মল বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স বিভাগের প্রধান শেখ নুর আলম।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, ‘সিএমএসএমই খাতের টেকসই উন্নয়ন ছাড়া অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সম্ভব নয়। এ রিফাইন্যান্স স্কিমগুলোর মাধ্যমে আমরা শুধু অর্থায়নই নয়; বরং উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে চাই। বিশেষ করে ক্লাস্টারভিত্তিক উদ্যোগগুলোয় অধিক গুরুত্ব দিচ্ছি, যেখানে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণ আরো ত্বরান্বিত হবে।’