বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ব্যাংকগুলোর বড় অংকের বিনিয়োগ গ্যাস সংকটের কারণে আটকে রয়েছে বলে জানিয়েছেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী।
বুধবার (২২ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এ কথা বলেন। কনক্লেভটির আয়োজন করে বণিক বার্তা।
আহসান জামান চৌধুরী বলেন, ‘আমরা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে যে বিনিয়োগ করি, সেগুলোর অর্থায়ন মূলত সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বা এ ধরনের সংস্থা থেকে হওয়ার কথা ছিল। কিন্তু তারা তা করতে না পারায় ব্যাংকগুলো এগিয়ে এসেছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে অনেক ব্যাংক বিনিয়োগ করেছে। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা গ্যাস। শুধু ট্রাস্ট ব্যাংকেরই বড় অংকের বিনিয়োগ গ্যাস সংকটের কারণে আটকে আছে।’
তিনি আরো বলেন, ‘অনেকে হয়তো বলবেন, এটি গ্রাহক বা ব্যাংকের দোষ। কিন্তু আমরা যখন কোনো প্রকল্পে অর্থায়নের অনুমোদন দিই, তখন দেখি তিতাসের গ্যাস-সংযোগের অনুমোদন রয়েছে। গ্রাহক নিজের অর্থ বিনিয়োগ করেছে, প্রয়োজনীয় গ্যারান্টি দিয়েছে, এমনকি জেনারেটরও স্থাপন করেছে। কিন্তু এখন গ্যাস নেই। আমি মনে করি, এটি জাতীয় ক্ষতি। কারণ যেসব যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, সেগুলো তিন-চার বছর ধরে ব্যবহার করা যাচ্ছে না। ফলে ধীরে ধীরে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত এ ক্ষতি হয়তো জনগণের করের টাকাতেই পূরণ করতে হবে। এ সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। কারণ এসব গ্রাহক যদি খেলাপি হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত পুরো ব্যাংকিং খাতই ক্ষতিগ্রস্ত হবে।’










