কানাডা বিশ্বের শীর্ষ ক্যানোলা (এক ধরনের তেলবীজ) উৎপাদক ও রফতানিকারক দেশ। চলতি বছর বহুমুখী সংকটের কারণে দেশটির ক্যানোলা উৎপাদন ১৩ বছরের সর্বনিম্নে নেমে গেছে। এর পেছনে প্রধান প্রভাবকের ভূমিকা রেখেছে তীব্র খরা। উৎপাদনে এমন মন্দাভাব তৈরি হওয়ায় প্রধান ক্রেতা দেশগুলো কানাডার বিকল্প খুঁজছে। এক্ষেত্রে তাদের অতিরিক্ত দাম দিয়ে ক্যানোলা কিনতে হচ্ছে। খবর রয়টার্স।
কানাডিয়ান ক্যানোলার অপ্রতুলতা বাজারদরকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। খরার পাশাপাশি মূল্যবৃদ্ধি দেশটিকে আরো বিপাকে ফেলেছে। ফলে বিশ্বের শীর্ষ ক্যানোলা রফতানিকারক দেশটির ক্রেতারা তুলনামূলক ক্ষুদ্র উৎপাদক দেশগুলোর প্রতি ঝুঁকছে। অন্যদিকে বিকল্প হিসেবে কিছু দেশ ক্যানোলার পরিবর্তে পাম অয়েল এবং সয়াবিন তেলসহ অন্যান্য ভোজ্যতেল ক্রয় করছে। এমন পরিস্থিতি খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কাকে আরো তীব্র করে তুলছে। এদিকে শ্রমিক সংকট এবং কীটপতঙ্গের প্রকোপও ভোজ্যতেল সরবরাহ খাতে নতুন চ্যালেঞ্জের জন্ম দিয়েছে।
কানাডার যেসব প্রতিষ্ঠান ক্যানোলা ভাঙিয়ে তেল, খাদ্য, জ্বালানি ও পশুখাদ্য তৈরি করে তারা কৃষক পর্যায় থেকে পর্যাপ্ত ক্যানোলা সংগ্রহ করতে পারছে না। একই অবস্থা রফতানি বাজারেও।
কানাডিয়ান গ্রেইন কমিশন জানায়, ১ আগস্ট থেকে নতুন উৎপাদন মৌসুমে সাত সপ্তাহে কানাডা ৩ লাখ ৮৮ হাজার টন ক্যানোলা রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭১ শতাংশ কম।
রফতানিকারকরা জানান, পুরো বাজারই বর্তমানে টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। বস্তুত কানাডা সেসব দেশে ক্যানোলা রফতানি করে, সেগুলোর প্রত্যেকটিই ঊর্ধ্বমুখী দামের কারণে প্রক্রিয়াজাতে লোকসানের মুখে পড়ছে। ইন্টার কন্টিনেন্টাল এক্সচেঞ্জে প্রতি টন ক্যানোলার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য দাঁড়িয়েছে প্রায় ৯০০ কানাডিয়ান ডলারে, যা গত বছরের তুলনায় ৭০ শতাংশ বেশি।
কানাডার এগ্রিকালচার অ্যান্ড এগ্রি-ফুড বিভাগ জানায়, আগামী বছরের ৩১ জুন ক্যানোলার উৎপাদন মৌসুম শেষ হবে। এ সময়ের মধ্যে তেলবীজটির রফতানি ৩৮ শতাংশ কমে ৬৫ লাখ টনে নেমে আসতে পারে। ক্যানোলা মাড়াইয়ের পরিমাণ দাঁড়াবে ৭৫ লাখ টনে। গত বছর মাড়াইয়ের পরিমাণ ছিল ১ কোটি ৪ লাখ টন।
এদিকে অস্ট্রেলিয়া ও ইউক্রেনে চলতি বছর ক্যানোলা উৎপাদন বেড়েছে। এসব দেশ সাধারণতা কানাডার চেয়ে অনেক কম ক্যানোলা রফতানি করে। কিন্তু কানাডায় চলমান বিপর্যয়ের মধ্যে উৎপাদন প্রবৃদ্ধি দেশ দুটিকে রফতানি বাজারে ভালো সুবিধা দিয়েছে।










