ফিউচার মার্কেটে কমেছে জাপানিজ রাবারের দাম। পণ্যটির শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদায় ভাটা পড়ার কারণে বাজারদরে নিম্নমুখী প্রভাব পড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, ওসাকা এক্সচেঞ্জে প্রাকৃতিক রাবারের ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তি মূল্য ১ দশমিক ৫ ইয়েন বা দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে ২১৭ দশমিক ৩ ইয়েন বা ১ ডলার ৫৫ সেন্টে। গত বছরের অক্টোবরের মাঝামাঝির পর পণ্যটির বাজারদর সর্বনিম্নে নেমেছে। এছাড়া পণ্যটির সাপ্তাহিক দাম ৪ শতাংশ কমেছে।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে জাপানিজ রাবারের দাম ১৬০ ইয়েন বা ১ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১২ হাজার ২৯০ ইয়েন বা ১ হাজার ৭৮০ ডলারে।

সংশ্লিষ্টরা জানান, চীনে নতুন করে করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন শহরে আবারো লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারণে অর্থনীতির গতি মন্থর হয়ে পড়েছে। স্থবিরতা তৈরি হয়েছে উৎপাদন খাতে।