আজ সাপ্তাহিক ছুটির দিন হলেও সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চলবে। পরদিন রোববারও ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ফলে ঈদের দীর্ঘ ছুটির আগে গ্রাহকরা আরো দুইদিন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আজ ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক সময়সূচিতে লেনদেন কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে, তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চল সংলগ্ন বাণিজ্যিক ব্যাংকের নির্বাচিত শাখা ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে। এসব শাখা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চালু থাকবে। তবে গ্রাহক লেনদেন করা যাবে বেলা ১টা পর্যন্ত।