ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। এছাড়া ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন একই ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। আইবিসিএফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভাকক্ষে আইবিসিএফের ৬৭তম সভায় তাদের নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউনুছ। একই সভায় আগামী দুই বছরের জন্য ফোরামের ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

সভায় সদস্য ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবস্থাপনা পরিচালকসহ আইবিসিএফের অনারারি সচিব নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম শাহনেওয়াজ, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী, ঢাকা ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান এসইভিপি মো. টিপু সুলতান, ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং ডিভিশনের এভিপি মো. আজাদ রহমান এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এছাড়া এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নূরুন নেওয়াজ, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ফিরোজুর রহমান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন সভায় উপস্থিত ছিলেন।