গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) ছয়টি দেশের রিয়েল এস্টেট খাতে প্রবৃদ্ধি হচ্ছে। ২০২৮ সাল নাগাদ এ খাতের ব্যবসা ৫ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
জার্মানভিত্তিক ডাটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের শেষ নাগাদ এ খাতের বাজারমূল্য ৪ লাখ ৪৩ হাজার কোটি ডলারে পৌঁছবে। এর মধ্যে আবাসিক রিয়েল এস্টেট খাতের আকার হবে ২ লাখ ৯৮ হাজার কোটি ডলার। সব মিলিয়ে রিয়েল এস্টেট খাত ২০২৮ সালের মধ্যে ৫ লাখ ৫ হাজার কোটি ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
আগামী বছর ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইন্টারন্যাশনাল প্রপার্টি শো (আইপিএস) ২০২৪ অনুষ্ঠিত হবে। এটি বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের অন্বেষণ এবং বিকাশমান বাজারে বিনিয়োগ করার জন্য একটি প্রধান প্লাটফর্ম।
বিনিয়োগ প্রতিষ্ঠান কামকো ইনভেস্টের একটি প্রতিবেদন অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রপার্টি খাতে উল্লম্ফন দেখা যাচ্ছে। এটি বর্তমান অর্থনীতির একটি চালিকাশক্তি। জিসিসি অঞ্চলে রিয়েল এস্টেট বিক্রয় লেনদেন ২০২২ সালের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১৪ হাজার ৩১০ কোটি ডলার হয়েছিল। পরিসংখ্যানটি ২০২১ সালের পুরো বছরের লেনদেনকে (মোট ১৩ হাজার ৬৯০ কোটি ডলার) ছাড়িয়ে গেছে, যা এ অঞ্চলের রিয়েল এস্টেট খাতের অন্যান্য শাখার শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে।
জিসিসি অঞ্চলের রিয়েল এস্টেট খাতের বিকাশে দুবাই ও আবুধাবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোট লেনদেনের ৪৮ শতাংশের বেশি হচ্ছে এ দুটি শহরে। ‘দুবাই ইকোনমিক এজেন্ডা ডি৩৩’ ও ‘আবুধাবি ইকোনমিক ভিশন ২০৩০’ রিয়েল এস্টেট খাতকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এরই মধ্যে সৌদি আরব রিয়েল এস্টেট খাতকে অগ্রাধিকার দিতে ‘ সৌদি ভিশন ২০৩০’ প্রণয়ন করেছে। দেশটির মোট লেনদেনের ৩৫ দশমিক ৬ শতাংশ হয়েছে রিয়েল এস্টেট খাতে।
কামকো ইনভেস্টের প্রতিবেদনে দুবাইয়ে লেনদেনে ৮১ শতাংশ প্রবৃদ্ধিও তুলে ধরা হয়েছে। যেখানে বিলাসবহুল ও সাশ্রয়ী মূল্যের প্রপার্টির চাহিদা আকাশচুম্বী বলে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরব ও দুবাইয়ে লেনদেনের পরিমাণ যথাক্রমে ৩৫ দশমিক ৫ ও ১২ দশমিক ২ শতাংশ বেড়েছে, যা ক্রমবর্ধমান ব্যবহারকারীর চাহিদা ও শক্তিশালী বিনিয়োগকে চিহ্নিত করে।
এ সংখ্যাগুলো বিবেচনায় নিয়ে পূর্বাভাস করা হচ্ছে, আইপিএস ২০২৪-এর মাধ্যমে বিনিয়োগকারী, ডেভেলপার ও ব্যবসায়ীদের জন্য জিসিসি রিয়েল এস্টেট বাজার একটি আদর্শ প্লাটফর্ম হয়ে উঠবে। ইভেন্টটি জিসিসি অঞ্চলের রিয়েল এস্টেট খাতের প্রতি একচেটিয়া দৃষ্টি আকর্ষণ করবে। নেটওয়ার্কিং গড়ে তোলা ও লাভজনক বিনিয়োগের বিকল্প অন্বেষণের একটি সুযোগ তৈরি করবে। আইপিএস মূলত অংশগ্রহণকারী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, সংস্থা এবং দর্শনার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করে নেয়ার সুযোগ তৈরি করবে। এটি জিসিসি অঞ্চলের বিভিন্ন দেশের রিয়েল এস্টেট খাতের অংশীজনদের মধ্যে নতুন চুক্তি এবং অংশীদারত্ব তৈরির জন্য একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
আইপিএস ২০২৪এ ইউএই ছাড়াও ভারত, যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, কাতার, ওমান ও মিসরসহ বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন। এসব দেশের সঙ্গে দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের অংশীদারত্ব তৈরি হবে।
আইপিএসের ২০তম আয়োজনটি হবে আগামী বছর। ১১টি প্রধান স্তম্ভের অধীনে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা হয়েছে। যেমন প্রদর্শনী, সম্মেলন, অস্কার, ফিউচার সিটি, কানেক্ট, ফাইন্যান্স, নারী, যুব, স্টুডিও, প্রপার্টি সংশ্লিষ্ট টেকনোলজি ও ডিজাইন।










