পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৬০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, দৈনিক গড় হিসাবে যা ছিল ১ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ১৪ ফেব্রুয়ারি ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারদর ছিল ১৩ টাকা ২০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর নিম্নমুখী। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১০ টাকা ৮০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৭ টাকা ৩০ ও ১৪ টাকা ৪০ পয়সা।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ২৩ টাকা ২৫ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সিদ্ধান্ত নেয়নি ইউনিয়ন ক্যাপিটাল। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৬ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯১ পয়সা।










