পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। হাইডেলবার্গ সিমেন্ট: কোম্পানিটির পর্ষদ সভা ৬ মার্চ বেলা পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ২৭ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ১ পয়সায়।

সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৩ পয়সা।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: কোম্পানির পর্ষদ সভা ৭ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৩৬ পয়সায়। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। 

ইউনিলিভার কনজিউমার কেয়ার: কোম্পানিটির পর্ষদ সভা ৯ মার্চ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে।

সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ইউনিলিভার কনজিউমার কেয়ারের ইপিএস হয়েছে ৩৫ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৮ টাকা ৪ পয়সা।