অনলাইন স্বাক্ষরসেবা় প্রদানকারী প্রতিষ্ঠান ডকুসাইনকে অধিগ্রহণ করতে প্রতিযোগিতায় নেমেছে বেইন ক্যাপিটাল ও হেলম্যান অ্যান্ড ফ্রিডম্যানসহ একাধিক কোম্পানি। প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য প্রায় ১ হাজার ২৫০ কোটি ডলার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ডকুসাইন কর্মকর্তারা জানিয়েছেন, ডকুসাইনকে অধিগ্রহণ করতে সর্বোচ্চ দরদাতাদের মধ্যে রয়েছে দুটি প্রাইভেট ইকুইটি কোম্পানি। ফলে ২০২৪ সালে এটি এ খাতের সবচেয়ে বড় চুক্তি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো এতে যোগ দেয়নি। তবে এমন হতে পারে যে তারা একটি চুক্তিতে অংশীদার হতে পারে। এ বিষয়ে ফলাফল আগামী সপ্তাহ নাগাদ জানা যেতে পারে।

বিশ্লেষকরা জানান, আরেক অধিগ্রহণকারী প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনকরপোরেশনও একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে ডকুসাইনের সঙ্গে আলোচনা করেছিল। যদিও তারা প্রতিযোগিতায় অংশ নেয়নি। বিষয়টি গোপনীয় হওয়ার কারণে কোনো লেনদেনের তথ্য নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বেইন ক্যাপিটাল ও হেলম্যান অ্যান্ড ফ্রিডম্যানের প্রতিনিধিরা মন্তব্য করতে রাজি হননি। এছাড়া ডকুসাইন ও ব্ল্যাকস্টোন কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি।

গত বৃহস্পতিবার ডকুসাইনের শেয়ার মূল্য ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬১ ডলার ৩৫ সেন্টে লেনদেন শেষ হয়েছে।

৬০০ কোটি ডলার মূল্যের ব্যবসা নিয়ে ২০১৮ সালে প্রকাশ্যে আসে ডকুসাইন। কোম্পানিটির প্রযুক্তিসেবা গ্রাহকদের যেকোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে অনলাইনে নথিতে স্বাক্ষর করার সুবিধা দেয়। প্রতিষ্ঠানটি বহুজাতিক কোম্পানি টি-মোবাইল, ইউনাইটেড এয়ারলাইনস ও থার্মো ফিশারের মতো বড় করপোরেশনগুলোকে সেবা দিয়ে থাকে।

গত মাসে ডকুসাইন প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, অক্টোবরে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ৭৯ সেন্ট, যা এক বছর আগের একই সময়ের ৫৭ সেন্ট থেকে বেশি। এক বছর আগের তুলনায় রাজস্ব ৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ৭০ কোটি ৪ লাখ হয়েছে।

বিনিয়োগ খরচ বাড়ার কারণে গত দুই বছরে অধিগ্রহণগুলো আরো ব্যয়বহুল এবং বড় চুক্তিগুলো আরো কঠিন হয়ে উঠেছে। তার পরও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির কারণে ধীরে ধীরে কিছু বড় লেনদেন হচ্ছে।

গত নভেম্বরে ইউরোপীয় অনলাইন ক্লাসিফায়েড কোম্পানি অ্যাডেভিন্টা এএসএকে প্রায় ১ হাজার ৪০০ কোটি ইউরোয় অধিগ্রহণের চুক্তির কথা জানিয়েছে ব্ল্যাকস্টোন ও পারমিরা।

এর আগে জুলাইয়ে ওয়ার্ল্ডপের বেশির ভাগ শেয়ার কিনতে রাজি হয়েছে অধিগ্রহণকারী প্রতিষ্ঠান জিটিসিআর, যার চুক্তি মূল্য ছিল ১ হাজার ৮৫০ কোটি ডলার।