অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। জোটটি গত এপ্রিলে ফের জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়। এতে বড় ধরনের ধাক্কা খায় আন্তর্জাতিক বাজার। এ সিদ্ধান্তের কারণে গত মাসে জোটভুক্ত দেশগুলোর উত্তোলন দৈনিক ৬ লাখ ৭০ হাজার ব্যারেল করে কমেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটসের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
এপ্রিলের শুরুর দিকে ওপেক প্লাসের প্যানেল মিটিংয়ের একদিন আগে জোটের সদস্য দেশগুলো দৈনিক ১১ লাখ ৬০ হাজার ব্যারেল উত্তোলন কমানোর ঘোষণা দেয়। মে থেকে ডিসেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
উত্তোলন গত মাসে কমে যাওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছে রাশিয়া ও সৌদি আরব। বর্তমানে রাশিয়া দৈনিক পাঁচ লাখ ব্যারেল করে উত্তোলন কমাচ্ছে। বছরের শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সৌদি আরব জানায়, দেশটিও উত্তোলন দৈনিক পাঁচ লাখ ব্যারেল করে কমাবে। জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।










