জেনারেল মোটরস (জিএম) নিজেদের গাড়িতে ৭ হাজার ৫০০ ডলার প্রণোদনা দিচ্ছে। সম্প্রতি জিএম এ ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির ওপর থেকে যুক্তরাষ্ট্র সরকার কর অব্যাহতি বন্ধ করে দেয়। অন্যদিকে ফোর্ড মোটর জানায়, তারা তাদের কিছু এফ-১৫০ ইভির দাম ১০ হাজার ডলার বাড়িয়েছে।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট গত বছরের ডিসেম্বরে নির্দেশিকা জারি করে নতুন নীতিমালা প্রকাশ করে, যার লক্ষ্য চীনকে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) সরবরাহ চেইন থেকে দূরে সরিয়ে রাখা। নির্দেশিকাটি চলতি সপ্তাহে কার্যকর হয়েছে।
জিএম গত মাসে জানায়, শেভ্রোলে বোল্ট ছাড়া সব ইভি গাড়িতে সাময়িকভাবে কর অব্যাহতি বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ক্যাডিলাক লিরিক ও চেভি ব্লেজার কর অব্যাহতি পাচ্ছে না।
ফোর্ড গত মাসে জানায়, ই-ট্রানজিটের ওপর ৩ হাজার ৭৫০ ডলার কর অব্যাহতি বন্ধ করে দেয়া হবে। কিন্তু প্রতিষ্ঠানটির এফ-১৫০ ইভি লাইটনিং পিকআপ ট্রাক ও লিঙ্কন কর্সায়ার গ্র্যান্ড ট্যুরিং স্পোর্ট-ইউটিলিটি গাড়িতে কর অব্যাহতি বিদ্যমান রয়েছে।
ফোর্ড বুধবার জানায়, তার সর্বনিম্ন দামের এফ-১৫০ ইভির দাম ৫ হাজার ডলার অথবা ১০ হাজার ডলার বাড়বে। এছাড়া কিছু প্রিমিয়াম মডেলের দাম ৭ হাজার ডলার পর্যন্ত কমবে।
ফোর্ড অক্টোবরে জানায়, এফ-১৫০ লাইটনিং ইভি প্রস্তুতকারী প্লান্টে সাময়িকভাবে এক শিফট বন্ধ রয়েছে। কোম্পানিটি ডিসেম্বরে সরবরাহকারীদের জানায়, তারা জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে প্রায় ১ হাজার ৬০০টি বৈদ্যুতিক এফ-১৫০ লাইটনিং ইভি ট্রাক তৈরি করার পরিকল্পনা করেছে, যা আগে পরিকল্পনা করা ৩ হাজার ২০০টির অর্ধেক।
জিএম তার ডিলারদের জানায়, নতুন নির্দেশিকার কারণে কর অব্যাহতি না পাওয়া যেকোনো যানবাহনের জন্য সমতুল্য ভর্তুকি দেবে কোম্পানি।
জিএম ধারণা করছে, সোর্সিং পরিবর্তনের পরে লাইরিক ও ব্লেজার ইভিগুলো ২০২৪ সালের প্রথম দিকে আবারো কর অব্যাহতি পেতে পারে। এছাড়া শেভ্রোলে ইকিউনোক্স ইডি, শেভ্রোলে সিলভারেডো ইভি, জিএমসি সিয়েরা ইভি ও ক্যাডিল্যাক ওপিটিআইকিউ ইত্যাদি ব্র্যান্ড সোর্সিং পরিবর্তন করলে সম্পূর্ণ প্রণোদনা পাবে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, অন্য যেসব যানবাহন তাদের কর অব্যাহতি হারাচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে ভক্সওয়াগেন আইডি৪, নিসান লিফ, টেসলা মডেল ৩এস ও ফোর্ড ম্যাক-ই।
আগে যুক্তরাষ্ট্র সরকার কর অব্যাহতি দিত এমন গাড়ির সংখ্যা ছিল ৩৯, যা বর্তমানে ১৯ এ নেমে এসেছে।










