যুক্তরাষ্ট্রে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজার বাড়ছে। কিন্তু বৃদ্ধির হার বিশ্লেষকদের পূর্বাভাস থেকে কম। বাজারে ক্রমবর্ধমান মজুদ ও মূল্যহ্রাসের প্রতিবন্ধকতায় প্রবৃদ্ধি আশঙ্কাজনকভাবে ব্যাহত হচ্ছে। গাড়ি নির্মাতাদের পক্ষ থেকে ইভিতে বিলিয়ন বিনিয়োগ করা হয়েছে। যদি উৎপাদন চাহিদাকে ছাড়িয়ে যেতে থাকে, তবে তাদের মূল্য কমাতে বা অ্যাসেম্বলি লাইনগুলোর কাজকে ধীর করতে হবে। খবর রয়টার্স।

বর্তমানে মার্কিন বাজারে ৯০টিরও বেশি নতুন ইভি মডেল আসার পথে আছে। তবে প্রতিষ্ঠানগুলোর জন্য লাভজনক বিক্রয় সংখ্যা তৈরি করা কঠিন হয়ে যাবে। জেনারেল মোটরস, ফোর্ড, হুন্দাই ও টয়োটার মতো নির্মাতাদের হাতে ইভি অবিক্রীত পড়ে রয়েছে। গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে মজুদের পরিমাণ। তার পরও গাড়ি নির্মাতারা উৎপাদন বাড়িয়ে চলছেন। ইভি উৎপাদন ব্যয়ে শীর্ষ থাকা টেসলা চাহিদা বাড়ানোর জন্য মূল্যহ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতারাও তাদের ইলেকট্রিক গাড়ির মডেলগুলোয় অর্থ ঢালছেন।

বাইডেন প্রশাসনের প্রস্তাবিত কার্বন নিঃসরণ বিধিমালায় ২০৩২ সালের মধ্যে দুই-তৃতীয়াংশ ইলেকট্রনিক গাড়ি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। তবে কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এ লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে অভিহিত করেছে। বাজার অস্থিরতা থাকলেও বিশেষজ্ঞরা মার্কিন ইভি বাজারে অব্যাহত বৃদ্ধির আশা করছেন। যদিও ইলেকট্রিক গাড়ির প্রসারে সামনের পথটি কঠিন ও নিয়ন্ত্রকদের চাপের আশঙ্কা থেকেই যায়।