মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ক্রমাগত সুদহার বাড়াচ্ছে ফেডারেল রিজার্ভ। তবে এর মধ্যেও যুক্তরাষ্ট্রে আগস্টে ১ লাখ ৮৭ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, যা দেশটির স্থিতিশীল শ্রমবাজারের বিষয়টি তুলে ধরছে। খবর এপি।

গত মাসের জন্য জুলাইয়ে ১ লাখ ৫৭ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। কিন্তু তার তুলনায় বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে এ সুযোগ ২০২২ ও ২০২১ সালের তুলনায় মন্থরগতিতে রয়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, জুন থেকে আগস্ট পর্যন্ত দেশটির অর্থনীতিতে ৪ লাখ ৪৯ হাজার নতুন কর্মসংস্থান যুক্ত হয়েছে, যদিও যেকোনো বছরের ত্রৈমাসিক হিসেবে যা সবচেয়ে কম। এছাড়া জুন ও জুলাইয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির পূর্বাভাস পরিবর্তন করে ১ লাখ ১০ হাজার নির্ধারণ করেছিল দেশটির সরকার।

সম্প্রতি দেশটির শ্রম মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালের ফেব্রুয়ারির পর দেশটিকে বেকারত্বের হার ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৩ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। তবে হার বাড়ার পেছনের কারণও রয়েছে। গত মাসে ৭ লাখ ৩৬ হাজার মানুষ নতুন করে কর্মসংস্থানের সুযোগ খোঁজা শুরু করে, যা জানুয়ারির পর সবচেয়ে বেশি। কিন্তু সবাই কর্মসংস্থানের সুযোগ পায়নি।

যুক্তরাষ্ট্রে চাকরি রয়েছে বা চাকরি খুঁজছে, এমন অধিবাসীর সংখ্যা আগস্টে বেড়ে ৬২ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে, যা ২০২০ সালের ফেব্রুয়ারির তুলনায় সর্বোচ্চ। টানা ১১ বার সুদহার বাড়িয়েছে ফেড। আর এ কারণে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি রেকর্ড ৯ দশমিক ১ শতাংশ থেকে ৩ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। চাকরির বাজারে মন্থরতা থাকলে তা অর্থনীতিকে মন্থর গতিতে পরিচালনা করবে এবং সুদহার কমাতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণে অনেক অর্থনীতিবিদ মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে সুদহার বাড়ানো এখন গুরুত্বপূর্ণ নয়।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বেতন পাওয়ার বিষয়ও আরো সহজ হয়ে উঠছে, যা মূল্যস্ফীতি কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করছে। জুলাই থেকে আগস্টে ঘণ্টাভিত্তিক গড় মজুরি দশমিক ২ শতাংশ বেড়েছে। বছরওয়ারি হিসেবে ২০২২ সালের আগস্টের তুলনায় গত মাসে বেতনের হার ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে, যা জুন ও জুলাইয়ের ৪ দশমিক ৪ শতাংশ বাড়ার তুলনায় কিছুটা কম। তবে নিয়োগ হার কম থাকার ব্যাপারেই আগ্রহী ফেড। কেননা এর ফলে কর্মসংস্থানের উচ্চ চাহিদা ও বেতন মূল্যস্ফীতি বাড়তে পারে।

পিএনসি ফাইন্যান্সিয়াল সার্ভিস গ্রুপের প্রধান অর্থনীতিবিদ গুস ফচার সতর্কবার্তায় জানান, দেশটির অর্থনীতি এখন ফেডের সুদহার বাড়ানোর প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। যে কারণে ২০২৪ সালের শুরুতে মন্দার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানায়, বেকারত্বের জন্য সরকার প্রদত্ত সহায়তার জন্য আমেরিকানদের আবেদনের হার টানা তৃতীয় সপ্তাহের মতো নিম্নমুখী।

খাতওয়ারি হিসেবে গত মাসে স্বাস্থ্যসেবা খাতে সবচেয়ে বেশি ৯৭ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, যা অর্থনীতির উত্থান-পতনের সঙ্গে সম্পর্কিত নয়। অন্যদিকে উৎপাদনের সঙ্গে সম্পর্কিত কোম্পানি ২২ হাজার, শিল্প-কারখানায় ১৬ হাজার এবং রেস্টুরেন্ট ১৫ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।