দুগ্ধ খাতে অবদানের জন্য বারাকা ফার্মইয়ার্ডকে ডেইরি আইকন ২০২৩ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এ প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রামে দুগ্ধ খাতে বিশেষ অবদান রাখার জন্য বারাকা ফার্মইয়ার্ডকে ডেইরি আইকন ২০২৩ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বারাকা ফার্মইয়ার্ডের কর্ণধার খুররাম নাঈম। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

পরিবারের শিশু ও বয়োজ্যেষ্ঠ সদস্যদের পুষ্টির চাহিদা পূরণের প্রধান উৎস দুধ। বাজারে ভেজালমুক্ত পণ্য সরবরাহের লক্ষ্যে বারাকা ফার্মইয়ার্ডের স্বত্বাধিকারী খুররাম নাঈমের উদ্যোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় প্রায় ২৯০ শতক জমিতে খামার প্রতিষ্ঠা হয়। খুররাম নাঈমের নেতৃত্ব ও তার দক্ষ কর্মীর ঐকান্তিক প্রচেষ্ঠায় গড়ে উঠে বারাকা ফার্মইয়ার্ড। বর্তমানে খামারে ৬৫টি গাভী থেকে দৈনিক ১০০০-১১০০ লিটার দুধ সংগ্রহ করা হয়। যার মধ্যে ৬০০-৭০০ লিটার দুধ প্যাকেটজাত করে বিক্রি হয়। বাকি দুধ থেকে তৈরি করা হয় শতভাগ খাঁটি টক দই, মিষ্টি দই, বোরহানি ও মাঠার মতো দুগ্ধজাত পণ্য।

বারাকা ফার্মইয়ার্ডের স্বত্বাধিকারী খুররাম নাঈম বলেন, এ সফলতা শুধু তার একার নয়। তার প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারীর অক্লান্ত পরিশ্রম ও গ্রাহকের সহযোগিতায় ডেইরি আইকন ২০২৪-এর স্বীকৃতি অর্জন করা সম্ভব হয়েছে। গ্রাহকের ভালোবাসা এবং আস্থার কারণেই বারাকা ফার্মইয়ার্ড আজ এখানে। এ স্বীকৃতি আগামীতে তাকে আরো নতুন উদ্যমে কাজের পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে সব শ্রেণি-পেশার গ্রাহকের মাঝে ভেজালমুক্ত দুধ ও দুগ্ধজাত পণ্য সরবরাহ করার অনুপ্রেরণা জোগাবে। বিজ্ঞপ্তি