কলম্বিয়ার কয়লা উত্তোলনে প্রবৃদ্ধি এসেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির উত্তোলন ৪০ শতাংশ বেড়েছে। কলম্বিয়ার ন্যাশনাল মাইনিং এজেন্সি (এএনএম) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ায় কয়লার চাহিদা জোরাল হচ্ছে। চাহিদার অনুপাতে সরবরাহ স্বাভাবিক রাখতে উত্তোলন বাড়ানো হচ্ছে। এপ্রিল-জুন পর্যন্ত দেশটি ১ কোটি ৩৬ লাখ টন কয়লা উত্তোলন করে। গত বছরের একই সময়ে উত্তোলন করা হয়েছিল ৯৭ লাখ ৪০ হাজার টন কয়লা।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কলম্বিয়া ১ কোটি ৩৯ লাখ কয়লা উত্তোলন করেছিল। অর্থাৎ গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বাড়লেও চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় উত্তোলন কিছুটা কমেছে।

এএনএমের তথ্যমতে, কলম্বিয়ার কয়লা উত্তোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লা গিজিরা ও চেসার রাজ্য। এদিকে উত্তোলন বাড়লেও মহামারীপূর্ব অবস্থায় ফিরে যেতে এখনো কিছু সময় লাগবে বলে জানায় এএনএম।

কয়লার পাশাপাশি স্বর্ণ ও নিকেল উত্তোলনেও বড় ধরনের সাফল্য এসেছে কলম্বিয়ার। বছরের দ্বিতীয় প্রান্তিকে স্বর্ণ উত্তোলন ৪৭ শতাংশ বেড়েছে। এ সময় উত্তোলন করা হয়েছে ১৪ দশমিক ৭ টন স্বর্ণ। গত বছরের একই সময় উত্তোলনের পরিমাণ ছিল ১০ টন। নিকেল উত্তোলন ১৪ শতাংশ বেড়ে ২ কোটি ৪২ লাখ পাউন্ডে উন্নীত হয়েছে।