ইউক্রেনে চলতি বছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২১-২২ মৌসুমের এখন পর্যন্ত দেশটি ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার টন খাদশস্য রফতানি করে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৪ লাখ ৮০ হাজার টন। খবর রয়টার্স।
ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বিপণন মৌসুমের এখন পর্যন্ত দেশটি ৬৯ লাখ টন গম, ৩২ লাখ টন যব ও ১৫ লাখ টন ভুট্টা রফতানি করেছে। চলতি মৌসুমে দেশটি রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদনেরও সম্ভাবনা দেখছে। সরকারি তথ্য বলছে, এ বছর সব মিলিয়ে ৮ কোটি ৬ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হতে পারে। গত বছর উৎপাদন হয় ৬ কোটি ৫০ লাখ টন। এদিকে ২০২১-২২ মৌসুমে ৬ কোটি ৭ লাখ টন খাদ্যশস্য রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে ইউক্রেনের। গত মৌসুমে রফতানি করা হয়েছিল ৪ কোটি ৪৭ লাখ টন। দেশটির সরকার জানায়, চলতি মৌসুমে ২ কোটি ৩৮ লাখ টন গম, ৩ কোটি ৯ লাখ টন ভুট্টা ও ৫২ লাখ টন যব রফতানি করতে চায় ইউক্রেন। গত মৌসুমে ২ কোটি ৩১ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬৬ লাখ টন গম ও ৪২ লাখ টন যব রফতানি করা হয়েছিল।










