দক্ষিণ কোরিয়ায় কফি রফতানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে ভিয়েতনাম। মূলত দক্ষিণ কোরিয়ায় কফির ঊর্ধ্বমুখী চাহিদা দেশটির রফতানি বাজারে ভিয়েতনামের জন্য বড় সুযোগ তৈরি করছে। খবর ভিয়েতনাম প্লাস।
দক্ষিণ কোরিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য সংস্থা জানায়, বছরের প্রথম দিকে লকডাউনসহ নানা বিধিনিষেধের কারণে মানুষ ঘরে অবস্থান করছিল। এমন পরিস্থিতিতেও ভোক্তা পর্যায়ে কফির চাহিদা ছিল ঊর্ধ্বমুখী। মানুষ ঘরে বসেই অনলাইনে কফি কিনেছে। ফলে জানুয়ারিতে কফি আমদানির চাহিদা বেড়ে যায়।
ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের পরিসংখ্যান বলছে, এ বছরের প্রথম ছয় মাসে দক্ষিণ কোরিয়ায় কফি আমদানি ৯৪ হাজার ৮৪০ টনে পৌঁছায়। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ১১ দশমিক ৭ শতাংশ।
এক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার আমদানি চাহিদার বড় একটি অংশ পূরণ করেছে ভিয়েতনাম। বছরের প্রথমার্ধে দক্ষিণ কোরিয়া ১৯ হাজার ৫০০ টন কফি ভিয়েতনাম থেকে আমদানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮ শতাংশ বেশি। দক্ষিণ কোরিয়ার কফিবাজারে ভিয়েতনামের হিস্যা প্রায় ২০ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।










