বোয়িংয়ের কাছ থেকে ৬০টি চিনুক হেলিকপ্টার কেনার কথা ভাবছে জার্মানি। এ প্যাকেজের জন্য ৮০০ কোটি ইউরো বা ৮৭১ কোটি ডলার ব্যয় হবে। এর মধ্যে এয়ারক্রাফটের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও রয়েছে। এ প্যাকেজের মধ্যে ৬২৭ কোটি ইউরো ব্যয়ে সিএইচ-৪৭ হেভি লিফট হেলিকপ্টার ক্রয়ে, ৭০ কোটি ইউরো সার্ভিসের জন্য, ২৪ কোটি ইউরো জাতীয় চুক্তি ও অবকাঠামো নির্মাণে ৭৫ কোটি ইউরো ব্যয় হবে বলে সূত্রে জানা গেছে। পুরনো সিএইচ-৫৩ ফ্লিটের পরিবর্তে গত বছর বোয়িংয়ের কাছ থেকে ৬০টি চিনুক হেলিকপ্টার কেনার ঘোষণা দিয়েছিল জার্মানি। হেলিকপ্টার কেনার জন্য মূলত ৬০০ কোটি ইউরো বাজেট দেয়া হয়েছে। তবে দেশটির সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় এটি এখনো অনুমোদনের অপেক্ষায়। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ নীতিমালায় পরিবর্তন আনেন। সে সময় থেকে দেশটির সামরিক খাতে ব্যয় বাড়ছে। রয়টার্স