প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর সম্প্রতি তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। এ নিয়োগ আগামীকাল রোববার (২৪ মে) কার্যকর হবে।
ব্যাংকিং খাতে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে ফয়সাল রহমানের। করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, করপোরেট ফাইন্যান্স, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, টেকসই অর্থায়ন ও কৌশলগত নেতৃত্বে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
এর আগে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও পাইকারি ব্যাংকিং বিভাগের প্রধান ব্যবসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফয়সাল রহমান। ওই সময় তিনি ব্যাংকের করপোরেট ব্যাংকিং রূপান্তর কার্যক্রমের নেতৃত্ব দেন। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ করপোরেট গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরো শক্তিশালী করতে কাজ করেন।
দীর্ঘ কর্মজীবনে প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং ক্রেডিট অ্যাগ্রিকল ইন্দোসুয়েজে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও জ্বালানি ও বিদ্যুৎ, অবকাঠামো, বিমান পরিবহন এবং টেকসই অর্থায়ন খাতে একাধিক বড় অর্থায়ন কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন।
ফয়সাল রহমান ব্যবসা ব্যবস্থাপনা ও অর্থনীতিতে স্নাতক এবং ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া দেশ-বিদেশে বিভিন্ন নির্বাহী ও নেতৃত্ব উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। পাশাপাশি একজন ওমেগা সার্টিফায়েড ক্রেডিট প্রফেশনাল হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।










