দেশের মোট কয়লা উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে ভারতের কয়লা মন্ত্রণালয়। ২০২৫ অর্থবছরের মধ্যে উৎপাদন ১২৩ কোটি টনে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছে তারা। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এসব কয়লা আসবে কোল ইন্ডিয়া (সিআইএল) এবং নন-সিআইএল ব্লক থেকে। খবর দ্য হিন্দু।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ১০০ কোটি টন কয়লা উত্তোলন করার জন্য অবকাঠামো আরো শক্তিশালী করার বিষয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে সিআইএল।
ঝাড়খণ্ডের উত্তর কারানপুরা কয়লা ক্ষেত্রে ১ হাজার ৯০০ কোটি টন কয়লা মজুদ রয়েছে, এরই মধ্যে ক্ষেত্রটি সেন্ট্রাল কোলফিল্ডের (সিসিএল) কমান্ডের মধ্যে পড়েছে। তবে ২৫ অর্থবছরের মধ্যে কয়লার উৎপাদন ১৩ কোটি ৫০ লাখ হবে বলে পূর্বাভাস দিয়েছে সিসিএল। ধারণা করা হচ্ছে, উত্তর কারানপুরা কয়লা ক্ষেত্র থেকে ৮ কোটি ৫০ লাখ টন কয়লা উত্তোলন করা যাবে। কয়লা সরবরাহের জন্য রেললাইন ব্যবহার হয়। ৪৪ দশমিক ৩৭ কিলোমিটার নতুন রেললাইন তৈরি করা হচ্ছে কাজটা সহজ করার জন্য।










