স্থানীয় বাজারে অস্থিতিশীলতা সত্ত্বেও ২০২২-২৩ মৌসুমে ভারতে প্রাকৃতিক রাবার উৎপাদন আগের মৌসুমের চেয়ে ৮ দশমিক ৩ শতাংশ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৮ লাখ ৩৯ হাজার টনে, যা আগের মৌসুমে ছিল ৭ লাখ ৭৫ হাজার টন। খবর দ্য হিন্দু। 

রাবার বোর্ড জানায়, এ মৌসুমে ভারতে সাড়ে ১৩ লাখ টন রাবার ব্যবহার হতে পারে, যা গত মৌসুমে ছিল ১২ লাখ ৩৮ হাজার টন। সে হিসাবে ব্যবহার বাড়বে ৯ শতাংশ। একই সময় ভারত ৫ লাখ ২৮ হাজার ৬৭৭ টন রাবার আমদানি করতে পারে। আগের মৌসুমে যা ছিল ৫ লাখ ৪৬ হাজার ৩৬৯ টন। দেশটি রফতানি করতে পারে ৩ হাজার ৭০০ টন। গত মৌসুমে যা ছিল ৩ হাজার ৫৬০ টন। 

প্রাকৃতিক রাবার চাষ ও চাষের জমির পরিমাণ বেড়েছে। আর এ বিষয় উৎপাদন বাড়াতে রসদ জুগিয়েছে। রাবার বোর্ড ২০২১-২২ মৌসুমে ৩ হাজার ৮৫৯ হেক্টর ও ২০২২-২৩ মৌসুমে ২৩ হাজার ৩৭০ হেক্টর জমিতে রাবার আবাদ করে।