এ অংশীদারত্বের আওতায় যুব নেতৃত্ব বিকাশ, গবেষণা সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ এবং জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে যৌথ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এসইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান কাওসার এবং সেরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএম সৈকত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এসইউবির অতিরিক্ত রেজিস্ট্রার ফারহানা শারমিন উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে অংশ নেন স্পোর্টস নিউরোসায়েন্টিস্ট, বেস্টসেলিং লেখক, পিক পারফরম্যান্স কোচ এবং নিউরো৫৮০ গিভসের প্রতিষ্ঠাতা ড. ইজি জাস্টিস।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন এসইউবির পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান এবং সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশনের (সিএনআইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তার উদ্যোগে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সহযোগিতা প্রতিষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থী, গবেষক ও কমিউনিটির জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে টেকসই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।










