এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী কোম্পানিটির ১১ হাজার শেয়ার কিনেছেন। ১২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে এ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন তিনি। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৯১ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ১২৫। এর মধ্যে ৩১ দশমিক ১৩ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৪ দশমিক ১৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৪ দশমিক ৭৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে এপেক্স ফুটওয়্যারের আয় হয়েছে ৬৬৭ কোটি ৮৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮০১ কোটি ৫ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় কমেছে ১৩৩ কোটি ১৮ লাখ টাকা বা ১৬ দশমিক ৬৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৬৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২ কোটি ১৩ লাখ টাকা বা ৩১ দশমিক ৪৬ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৭ টাকা ৯২ পয়সায়। 

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৬৪ পয়সা।