দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আরো গতিশীল করতে ও বন্দরের রাজস্ব আহরণ বাড়াতে বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বিএসবিকে) সদস্য (ট্রাফিক) ও যুগ্ম সচিব ড. শেখ আলমগীর হোসেন। গতকাল সকালে স্থলবন্দর পরিদর্শনে গেলে ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্দরের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রমসহ বিভিন্ন অপারেশন কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শনের পর তিনি বন্দরের সভাকক্ষে আমদানি-রফতানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তাদের নিয়ে বৈঠকে মিলিত হন।

বৈঠকে বন্দরের ব্যবসায়ীরা জানান, বন্দরের প্রধান সড়কটি অপ্রশস্ত হওয়ার কারণে প্রায়ই যানজটের কবলে পড়ে বন্দরের আমদানি কার্যক্রম ব্যাহত হয়। এ কারণে সড়কগুলো প্রশস্তকরণ, বন্দরের ভেতরের জায়গাস্বল্পতার কারণে পণ্যজট সৃষ্টি হওয়ায় বন্দরে নতুন জমি অধিগ্রহণ ও বন্দরের ভেতরে নতুন ওজন স্টেশন নির্মাণ, শেড নির্মাণ এবং নতুন এক্সিট গেট নির্মাণের দাবি জানান। এ সময় তিনি ব্যবসায়ীদের দাবি করা বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় হিলি কাস্টমসের উপকমিশনার সাইদুল আলম, পানামা হিলি পোর্টের পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী, রফিকুল ইসলাম, ব্যবস্থাপক অশিত স্যানাল, এসএম হায়দার, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।