শুষ্ক আবহাওয়ার কারণে গম উৎপাদন নিয়ে আশঙ্কার মধ্যে দিন কাটছিল আর্জেন্টিনার কৃষকদের। তবে চলতি মাসের প্রথম সপ্তাহে পর্যাপ্ত বৃষ্টিপাত আশার সঞ্চার করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে খাদ্যশস্যটির ফলন ভালো হবে। এতে নিম্নমুখী উৎপাদনের পূর্বাভাস বাড়াতে পারেন সংশ্লিষ্টরা। খবর নাসডাক।

আর্জেন্টিনায় ২০২১-২২ উৎপাদন মৌসুম চলছে। মৌসুমের শুরু থেকেই তীব্র খরার মুখে পড়ে দেশটি। আবহাওয়াবিদরা বলছেন, আর্জেন্টিনায় শীতকালীন স্বাভাবিক আবহাওয়ার তুলনায় অনেক বেশি শুষ্ক ও রুক্ষ আবহাওয়া বিরাজ করছে। জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে।

তবে সম্প্রতি পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় উৎপাদনে প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। আর্জেন্টিনার ৭০ শতাংশ গম আবাদি অঞ্চল এবং হুইট বাস্কেট খ্যাত বুয়েন্স আয়ার্স রাজ্যে প্রায় ৩০-৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানান দেশটির আবহাওয়াবিদরা।

খাতসংশ্লিষ্টরা বলেন, পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কৃষকদের দুশ্চিন্তা কমেছে। তবে শিলাবৃষ্টি ও তুষারপাত হলে আবারো বিপদ বাড়তে পারে। স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকলে চলতি মৌসুম খুব ভালোভাবেই শেষ হবে। রয়টার্স জানায়, চলতি বছরের নভেম্বরে জমি থেকে গম সংগ্রহ শুরু হবে। যথাসময়ে বৃষ্টিপাত হওয়ায় উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।

রোজারিও গ্রেইন এক্সচেঞ্জ (বিসিআর) গত মাসে ২০২১-২২ উৎপাদন মৌসুমের জন্য করা পূর্বাভাস কমিয়ে এনেছিল। বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কমে ২ কোটি ১ লাখ টনে নেমে আসতে পারে বলে জানায় বিসিআর। তবে খাতসংশ্লিষ্টরা জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে আবারো পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উৎপাদন এ পূর্বাভাসকে ছাড়িয়ে যাবে।