চলতি বছরের প্রথম ছয় মাসে সৌদি আরবে রেকর্ড পরিমাণ আন্তর্জাতিক দর্শনার্থীর আগমন ঘটেছে। বিদেশীরা ব্যয় করেছেন ৪ হাজার কোটি ডলার। সম্প্রতি দেশটির সরকারি পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়। খবর অ্যারাবিয়ান বিজনেস।
দেশটির পর্যটন মন্ত্রণালয় ২০২৩ সালের প্রথমার্ধে এ-সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। এর আগে ২০২২ সালেও পর্যটন খাতে ব্যাপক প্রবৃদ্ধি ঘটেছে। এ বছরও দেশটির পর্যটন খাত ইতিবাচক সাড়া পেয়েছে। দেশটির মোট পর্যটক সংখ্যা ৫ কোটি ৩৬ লাখে পৌঁছেছে। যার মধ্যে ৩ কোটি ৯০ লাখ অভ্যন্তরীণ পর্যটক এবং ১ কোট ৪৬ লাখ বিদেশী।
মোট পর্যটন ব্যয় ৪ হাজার কোটি ডলারের মধ্যে অভ্যন্তরীণ পর্যটন খাত থেকে এসেছে ১ হাজার ৬৮০ কোটি ডলার এবং বিদেশী পর্যটকদের কাছ থেকে এসেছে ২ হাজার ৩২০ কোটি ডলার।
বিদেশী পর্যটন খাতে ২০২৩ সালের প্রথমার্ধে একটি রেকর্ড করেছে। ২০২২ সালের প্রথমার্ধের তুলনায় চলতি বছর বিদেশী পর্যটকের সংখ্যা ১৪২ শতাংশ এবং মোট পর্যটন ব্যয় ১৩২ শতাংশ বেড়েছে। অবসরকালীন পর্যটক সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ৩৪৭ শতাংশ বেড়েছে।
২০২৩ সালের প্রথমার্ধে অভ্যন্তরীণ পর্যটন ব্যয় ১৬ শতাংশ বেড়েছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পর্যটকদের অবসর কাটানোর সময়ও বেড়েছে। ২০২২ সালে যেখানে ৪ দশমিক ৬ শতাংশ রাত কাটাত, চলতি বছর তা ৬ দশমিক ৩ শতাংশ রাত কাটিয়েছে। ১ হাজার ৬৬০ পর্যটন ট্রিপের মধ্যে ৪৩ শতাংশ ছিল অভ্যন্তরীণ পর্যটকের ট্রিপ।
২০২৩ সালের প্রথমার্ধে বিদেশগামী পর্যটক ৩৭ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছর এ খাতে ব্যয় ৭৪ শতাংশ বেড়েছে। এ প্রবৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে গ্রীষ্ম মৌসুম শুরু হওয়া এবং জুনে স্কুল ছুটির পাশাপাশি বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া।
সৌদি আরব থেকে চলতি বছরের প্রথমার্ধে বিভিন্ন গন্তব্যে যাওয়া বিদেশী পর্যটকের সংখ্যা ছিল ৪৫ শতাংশ, যা ২০২২ সালের প্রথমার্ধের তুলনায় ২৪ শতাংশ বেশি। মোট পর্যটন ব্যয়ের ৬৬ শতাংশ এদের থেকে এসেছে। এ ধরনের ট্যুরগুলোর মূল উদ্দেশ্য বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে দেখা করা।
সৌদিদের জন্য প্রতি রাতে গড় ব্যয় ২০২২ সালের প্রথমার্ধে ছিল ১৬০ ডলার এবং ২০২৩ সালের প্রথমার্ধে কমে দাঁড়ায় ৮৮ ডলারে।










