‘মাস্ক পরা না থাকলে আমি পণ্য বিক্রি করবো না’—নভেল করোনাভাইরাস প্রতিরোধে এমন প্রতিপাদ্য নিয়ে বাগেরহাট বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানগুলোয় এই আহ্বানসংবলিত স্টিকার সেঁটে দিয়ে গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। গতকাল দুপুরে শহরের শালতলা মোড় থেকে করোনা প্রতিরোধে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলা অ্যাডভোকেসি টিম ও বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এ উদ্যোগ নেয়। এছাড়া এটি পালনের জন্য ব্যবসায়ীদের প্রতি জেলা চেম্বার অব কমার্সের পক্ষ থেকে কঠোর নির্দেশনা     দেয়া হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট অ্যাডভোকেসি টিমের সদস্য সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ। ক্রেতা ও বিক্রেতাদের মাক্স ব্যবহারে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।