কানাডায় ভর্তুকিসংক্রান্ত মতবিরোধে স্থগিত হয়ে যাওয়া ব্যাটারি প্ল্যান্টের নির্মাণ পুনরায় শুরু করতে যাচ্ছে স্টেলান্টিস। বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে দেশটির সরকার। বুধবার কাডার ফেডারেল ও প্রাদেশিক সরকার এ খবর নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
উত্তর আমেরিকার বাজারের উল্লেখযোগ্য অংশে বিদ্যুচ্চালিত গাড়ির ব্যাটারি সরবরাহ করতে কানাডার অন্টারিও প্রদেশে উইন্ডসর প্লান্ট স্থাপনের প্রকল্প হাতে নেয়া হয়। এটি বাস্তবায়নে ৫০০ কোটি কানাডিয়ান ডলারের (৩৮০ কোটি মার্কিন ডলার) যৌথ উদ্যোগ নিয়েছিল অটোয়া। প্রকল্পটি দেশটির অটো সেক্টরে সর্বকালের সর্ববৃহৎ বিনিয়োগ।
কিন্তু গত মে মাসে প্রকল্পটি স্থগিত করে স্টেলান্টিস বলেছিল, ফেডারেল সরকার তার প্রতিশ্রুত ভর্তুকি দেয়নি। সম্প্রতি কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড নির্মাতা কোম্পানির সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দেন। টুইটারে তিনি লিখেছেন, ‘এটি কানাডা ও কর্মীদের জন্য একটি ভালো চুক্তি’।
পৃথক বিবৃতিতে স্টেলান্টিস বলেছে, প্লান্টের নির্মাণ আবার শুরু হতে যাচ্ছে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সাল নাগাদ ব্যাটারি উৎপাদন শুরু হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে চুক্তিটি সম্ভব হয়েছে। আমরা এখন উইন্ডসর সাইটে আবার নির্মাণ শুরু করছি। অটোয়া সাম্প্রতিক বছরগুলোয় বিদ্যুচ্চালিত গাড়ি খাতে বিনিয়োগ আকর্ষণ করার জন্য ট্যাক্স ইনসেনটিভ ও ক্লিন এনার্জি ভর্তুকিসহ যথেষ্ট চেষ্টা চালাচ্ছে।
কানাডার কৌশলটি মূলত দেশটির বৃহত্তম ব্যবসায়িক অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত। যার আওতায় মুদ্রাস্ফীতি সংকোচন আইন (আইআরএ) সবুজ শিল্পের জন্য বিলিয়ন বিলিয়ন ভর্তুকি দিচ্ছে।










