বিশ্বব্যাপী ক্রেডিট কার্ড রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য করার পরিকল্পনা করছে মাস্টারকার্ড। এর আওতায় মাস্টারকার্ডের কোটি খানেক ক্রেডিট ও ডেভিট কার্ড রিসাইকেল হবে বলে আশা করা হচ্ছে। শুরুতে লন্ডনভিত্তিক ঋণদাতা এইচএসবিসির সঙ্গে মিলে ব্রিটেনের আটটি শাখায় কার্ড রিসাইকেলের উদ্যোগ নেয়া হবে। পরে বিশ্বের অন্যান্য জায়গায় তা সম্প্রসারণ করা হবে। খবর রয়টার্স।
পরিকল্পনা অনুযায়ী এইচএসবিসিকে শ্রেডিং মেশিন বা ছেঁড়ার যন্ত্র সরবরাহ করবে মাস্টারকার্ড। যন্ত্রটি ১০ হাজার কার্ড বা ৫০ কেজি প্লাস্টিক ধারণে সক্ষম। পরিপূর্ণ হয়ে গেলে তা একটি প্লাস্টিক রিসাইকেল কারখানায় পাঠানো হবে।
শুরুতে পাইলট প্রকল্পটির মেয়াদ হবে ছয় মাসের। এখানে গ্রাহক যেকোনো প্লাস্টিক কার্ড রিসাইকেল করতে পারবে, এমনকি প্রতিদ্বন্দ্বী কোম্পানির কার্ডও রিসাইকেল করা যাবে।
মাস্টারকার্ড বলছে, বর্তমানে বিশ্বব্যাপী তাদের ৩১০ কোটি কার্ড সচল রয়েছে। প্রতি বছর ৬০ কোটি নতুন কার্ড বাজারে প্রবেশ করে, যেগুলো প্রায় পাঁচ বছর সক্রিয় থাকে।










