পাঁচ নিলামে অব্যাহত দরপতনের পর অবশেষে বেড়েছে দুগ্ধপণ্যের বৈশ্বিক দাম। গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ নিলামে মূল্যসূচক আগের নিলামের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বাড়ে।

জিডিটির দেয়া তথ্য বলছে, এবারের নিলামে দুগ্ধপণ্যের বৈশ্বিক গড় দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৪ হাজার ৭ ডলারে। সর্বোচ্চ ২৯ হাজার ৫৭৫ টন সরবরাহ করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ২৭ হাজার ১২৭ টন। নিলামে অংশ নিয়েছেন ১৭৪ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান। এর মধ্যে বিজয়ী হয়েছেন ১১২ জন।

মূল্যসূচক বৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাট। পণ্যটির দাম আগের নিলামের তুলনায় ১৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি টনের গড় মূল্য দাঁড়িয়েছে ৫ হাজার ৬৭৭ ডলারে।

নিলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য ধরা হয় ননিযুক্ত গুঁড়ো দুধকে (ডব্লিউএমপি)। এক নিলামের ব্যবধানে পণ্যটির দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টন বেচাকেনা হয়েছে ৩ হাজার ৬১০ ডলারে। এদিকে ননিবিহীন গুঁড়ো দুধের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৭৫ ডলারে উন্নীত হয়েছে। মাখনের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৯ ডলারে। প্রতি টন চেডার পনির বিক্রি হয়েছে ৫ হাজার ৪৬ ডলারে, যা আগের নিলামের তুলনায় ১ শতাংশ বেশি। এবারের নিলামে অন্যান্য পণ্যের দাম বাড়লেও মাখনযুক্ত গুঁড়ো দুধের দাম ৫ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৫৩৭ ডলারে।