উপসাগরীয় অঞ্চলের অন্যতম সেরা অর্থনীতির দেশ ওমানের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৮৭ কোটি ওমানি রিয়াল স্পর্শ করেছে। দেশটি গত বছরের একই সময়ের তুলনায় প্রথম প্রান্তিকের শেষে জিডিপির পরিমাণ বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। এমনটাই জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন প্রকাশিত প্রতিবেদনে। খবর আরব নিউজ

প্রতিবেদনে বলা হয়েছে, জিডিপি বৃদ্ধি প্রাথমিকভাবে পেট্রোলিয়ামবহির্ভূত আয় থেকে এসেছে, যা বছরে ৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ৬০৭ কোটি রিয়ালে পৌঁছেছে। তবে পেট্রোলিয়ামের কার্যক্রমও একই সময়ে ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৮ কোটি রিয়ালে পৌঁছেছে। পেট্রোলিয়াম খাত থেকে জিডিপির ৩৩ শতাংশ এবং নির্মাণ, পাইকারি ও খুচরা ব্যবসা, জনপ্রশাসন ও প্রতিরক্ষা ব্যতীত অন্যান্য কার্যক্রম থেকে জিডিপির ৪৪ শতাংশ এসেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশের রাজস্ব ৪৩৯ কোটি রিয়ালে পৌঁছেছে, যা বছরে ৪ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। একইভাবে ওমানের সরকারি ব্যয়ও ৩ শতাংশ বেড়ে মোট ৩৮৭ কোটি রিয়ালে পৌঁছেছে। মার্চ মাসে দেশের পণ্য রফতানি গত বছরের তুলনায় দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৫ কোটি রিয়ালে পৌঁছেছে। একই সময়ে আমদানি ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম প্রান্তিকে ওমানের তেল উৎপাদন বছরে ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেলেও তেল ও গ্যাস রফতানি কমেছে ৫ দশমিক ৭ শতাংশ।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)ভুক্ত ছয় দেশের মধ্যে ২০২৩ সালে ৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ওমান দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৬ শতাংশ, কাতারের ৩ দশমিক ৩, বাহরাইন ৩ দশমিক ১ এবং সৌদি আরবের ২ দশমিক ৯ শতাংশ ধরা হয়েছে।