তামা উত্তোলনে ঘুরে দাঁড়িয়েছে পেরু। গত বছরের সংকট কাটিয়ে উঠছে দেশটি। সংশ্লিষ্টরা বলছেন, পেরুর খনিগুলো টেকসইভাবে তামা উত্তোলন করছে। পুরো বছর উত্তোলনে এমন ধারা বজায় থাকতে পারে। খবর বিএনআমেরিকাস। 

চলতি বছরের প্রথম চার মাসে পেরুতে তামা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৫১৪ টনে। ২০২২ সালের প্রথম চার মাসে দেশটি উত্তোলন করেছিল ৭ লাখ ২৩ হাজার ৯৩১ টন। দেশটির খনিজ ও জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানায়। 

এপ্রিলে দেশটির উত্তোলন বেড়েছে আগের মাসের তুলনায় ৩০ দশমিক ৫ শতাংশ। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৯৯ টন। চলতি বছরের মধ্যে এটিই সর্বোচ্চ। 

দেশটির শীর্ষ খনি ক্যারো ভার্দে, কোলাভেকো ও লা বাম্বাসের ভালো পারফরম্যান্স উত্তোলন বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে। গত বছর শ্রমিক বিক্ষোভের কারণে এসব খনিতে উত্তোলন কমে গিয়েছিল। 

চলতি বছরের প্রথম চার মাসে ক্যারো ভার্দে খনিতে উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ১৯৭ টনে, যা মোট জাতীয় উত্তোলনের ১৮ দশমিক ৫ শতাংশ।