সরবরাহ বাড়ায় মাত্র দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পাইকারি ও খুচরা বিক্রিতে দেশীয় কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ২০ টাকা।

দুদিন আগেই প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি ৭০ টাকা করে বিক্রি হলেও এখন তা নেমেছে ৫০ টাকায়। একইভাবে খুচরা বিক্রিতে দাম ৮০ টাকা থেকে নেমেছে ৬০ টাকায়। দেশীয় কাঁচামরিচের দাম কমায় বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানিও বন্ধ হয়ে গেছে। 

হিলি বাজারের একজন ক্রেতা বাবুল হোসেন বলেন, বেশি দামের কারণে আমাদের মতো নিম্নআয়ের মানুষের কাঁচামরিচ কেনা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিল। দাম কমায় আমাদের সুবিধা হয়েছে। দাম যেন সবসময় এমনই থাকে। 

বাজারের আরেক বিক্রেতা বিপ্লব হোসেন বলেন, কয়েকদিন আগে আবহাওয়াজনিত কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন ব্যহত হয়। ফলে বাজারে সরবরাহ কমায় দাম উর্দ্ধমুখি হয়ে যায়। এখন আবহাওয়া অনেকটা ভালো থাকায় ও শীত পড়ায় কাঁচামরিচের উৎপাদন ভালো হচ্ছে। আগে শুধু নওগাঁ অঞ্চলের কাঁচামরিচ আসলেও এখন বগুড়ার কাঁচামরিচ আসতে শুরু করেছে। এছাড়া আগে যেখানে হাটগুলোতে এক থেকে দেড়শো মণ কাঁচামরিচ আমদানি হতো বর্তমানে তা বেড়ে দুই থেকে আড়াইশো মণ হয়েছে। 

হিলি স্থলবন্দরের কাচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে চাহিদা থাকায় ও দেশী কাঁচামরিচের দাম বেশী থাকায় ভারত থেকে কাচামরিচ আমদানি করা হচ্ছিল। দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচ উঠতে শুরু করায় আমদানি করে লোকসান গুনতে হচ্ছে। সেজন্য আমদানি বন্ধ করে দিয়েছেন বন্দরের আমদানিকারকরা।