এ উপলক্ষে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল এবং কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মেহের সুলতানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ অংশীদারত্বের আওতায় দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের গ্রাহকদের ঋণের কিস্তি ও আমানতের অর্থ সংগ্রহ করা হবে। একই সঙ্গে লেনদেনের তাৎক্ষণিক হালনাগাদ ও রিকনসিলিয়েশন নিশ্চিত করতে ব্যাংক দুটির সিস্টেমের মধ্যে এপিআই সংযোগ স্থাপন করা হবে।
এ চুক্তি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের এএমডি মো. শাহীন ইকবাল বলেন, ‘গ্রাহকদের কার্যকর ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিতে ধারাবাহিকভাবে আমাদের প্রযুক্তি সক্ষমতা ও দেশব্যাপী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে কাজে লাগাচ্ছি। কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে ব্র্যাক ব্যাংকের এ অংশীদারত্ব কালেকশন কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, গ্রাহকসেবা আরো সহজীকরণ এবং রিয়েলটাইম ডিজিটাল সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ অংশীদারত্বের ফলে কর্মসংস্থান ব্যাংকের প্রায় ২৩ লাখ গ্রাহক রিয়েল টাইমে ঋণের কিস্তি ও আমানতের অর্থ জমা দেয়ার সুবিধা পাবেন, যা আর্থিক লেনদেনে আরো বেশি সুবিধা ও কার্যকারিতা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলাম মিয়া ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন ডিএমডি ও হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম; হেড অব ট্রানজেকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম; হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট মুসাব্বির আহমেদ; ক্যাশ ম্যানেজমেন্টের ইউনিট প্রধান মো. মাশফিকুজ্জামান এবং রিলেশনশিপ ম্যানেজার রতন পোদ্দার।










