প্রবাসী ও পর্যটকদের জন্য পাসপোর্ট-ফ্রি ভ্রমণের সুবিধা চালু করতে যাচ্ছে সৌদি আরব সরকার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটি। যার আওতায় থাকছে ব্যক্তিগত নথিপত্রের অনলাইন সংস্করণ। এর অংশ হিসেবে পাসপোর্টের ডিজিটালাইজেশন ঘটছে, যার মাধ্যমে দেশটিতে যাওয়া প্রবাসী ও ভ্রমণকারীরা পাসপোর্ট-ফ্রি ভ্রমণের সুযোগ পাবেন। খবর অ্যারাবিয়ান বিজনেস।
সম্প্রতি রিয়াদের ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় প্রযুক্তিবিষয়ক সম্মেলন এলইএপি-২০২৪। এ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে আগত দর্শনার্থীদের পাসপোর্টের প্রাথমিক ডিজিটাল কপি প্রদর্শন করা হয়। এ সম্পর্কে কর্তৃপক্ষ বলছে, সৌদিতে আসা বিদেশী কর্মী ও দর্শনার্থীরা ডিজিটাল নথির মাধ্যমে দেশটির যেকোনো স্থানে যেতে পারবেন। একই সঙ্গে অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। এক্ষেত্রে তাদের আগের মতো কাগজের পাসপোর্ট দেখাতে হবে না।
প্রতিবেদনে বলা হয়, মূলত দেশটিতে প্রবেশ সহজ করার জন্য এ সুবিধা চালু করা হচ্ছে। এর মাধ্যমে তারা ইলেকট্রনিক প্লাটফর্ম বা ডিজিটাল পদ্ধতিতে সব ধরনের কাজ সম্পাদনা করতে পারবেন। এর আওতায় দেশটির নাগরিক, বিদেশী ও ভ্রমণকারী সবাই উপকৃত হবেন।
পাসপোর্টের বদলে গ্রাহকরা একটি ডিজিটাল পরিচয়পত্র পাবেন, যেখানে থাকবে ইউনিফায়েড নম্বর। এ নথি মোবাইলে সংরক্ষণ করা যাবে। ফলে আগের মতো পাসপোর্ট সঙ্গে করে বয়ে বেড়াতে হবে না। পাসপোর্ট হারানো বা জালিয়াতির মতো ঘটনা ঘটবে না।
এবারের এলইএপি সম্মেলনে বিশ্বের সর্বাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ডিজিটাল বিভিন্ন উদ্ভাবনীর সুযোগ-সুবিধা তুলে ধরে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে জনসাধারণের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় সম্মেলনে। এ পদ্ধতি পরিবেশবান্ধব বলেও জানানো হয়।
সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’-কে লক্ষ্য করে সম্প্রতি একাধিক সংস্কারের ঘোষণা দেয়া হয়েছে। ই-পাসপোর্ট তারই একটি অংশ।










