কভিড মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ এবং ফাউন্ডেশনের নিজস্ব অর্থে গঠিত রিভলভিং তহবিল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ৪৫০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এসএমই ফাউন্ডেশনের এমডির সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন অংশীদার ১৯টি ব্যাংক ও চারটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। একজন উদ্যোক্তা সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তবে মূলধনি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন উদ্যোক্তারা।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান এফসিএমএ। অনুষ্ঠানে ‘রিভলভিং ফান্ড’ থেকে ঋণ বিতরণ নীতিমালার বিবরণ তুলে ধরেন এসএমই ফাউন্ডেশনের এমডি (অতিরিক্ত দায়িত্ব) সালাহউদ্দিন মাহমুদ। বক্তব্য প্রদান করেন এবিবির সভাপতি ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম রেজা ফরহাদ হোসাইন ও সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম।—বিজ্ঞপ্তি










