চীনের বাজারে কাজুবাদাম রফতানি বেড়েছে ভিয়েতনামের। চলতি বছরের প্রথম আট মাসে দেশটির বাজারে ৪২ হাজার ১৯৯ টন কাজুবাদাম রফতানি করেছে ভিয়েতনাম, যার রফতানি মূল্য ৩২ কোটি ৭০ লাখ ডলার। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ভিয়েতনাম নিউজ।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় আট মাসে চীনের বাজারে কাজুবাদামের রফতানি বেড়েছে ৬০ দশমিক ৮ শতাংশ এবং রফতানি মূল্য বেড়েছে ৩৫ দশমিক ৪ শতাংশ। এ সময়ে দেশটি থেকে পণ্যটি আমদানিতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, চীন ও নেদারল্যান্ডস। একই সময়ে দেশটি থেকে কাজুবাদামের মোট রফতানি দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার টন এবং এ থেকে দেশটির আয় হয়েছে ২৪০ কোটি ডলার।










