দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে একদিনের ব্যবধানে আমদানি করা কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি কম হচ্ছে। এ কারণে হিলির পাইকারি বাজারে পণ্যটির দাম বাড়তে শুরু করেছে।

গতকাল হিলির পাইকারি আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ মানভেদে ১১০-১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়। একদিন আগেও আমদানি করা এসব পণ্য কেজিপ্রতি ৭৫-৮০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে, একদিনের ব্যবধানে হিলিতে আমদানি করা কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা।

হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বণিক বার্তাকে বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম হাতের নাগালের মধ্যে রাখতে এ স্থলবন্দর দিয়ে কিছুদিন ধরেই ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়ে গেছে। ফলে হিলির আমদানিকারকরা পণ্যটির আমদানি আগের তুলনায় কমিয়ে দিয়েছেন। তবে চাহিদার তুলনায় আমদানি বেশি কমায় গতকাল হঠাৎ করে বেড়েছে ভারতীয় কাঁচামরিচের দাম।

হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২১টি ট্রাকে ২২৪ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। তবে এর পরের দিন ১৩টি ট্রাকে সাকল্যে ১২৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

এ বিষয়ে আনোয়ার হোসেন আরো বলেন, মূলত কাঁচাপণ্যের দাম নির্ভর করে পণ্যটির সরবরাহের ওপর। আমদানি বেশি হলে দাম কমবে আর আমদানি কম হলে দাম বাড়বে। ভারত থেকে দৈনিক আমদানি ১৫০ টনের নিচে নেমে আসায় গতকাল হিলির বাজারে চাঙ্গা হয়ে উঠেছে আমদানি করা কাঁচামরিচের দাম।